গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক কারখানার শ্রমিকদের একটি টিনসেট কলোনির ১০টি কক্ষ পুড়ে গেছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 18
মঙ্গলবার রাত ৭ টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ ভাঙ্গা (মসজিদ) এলাকায় সবির উদ্দিন মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই কলোনির ভাড়াটিয়া শ্রমিক সজীব মিয়ার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালিয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, স্থানীয় একাধিক পোশাক কারখানার শ্রমিকরা ওই কক্ষগুলো ভাড়া নিয়ে বসবাস করতেন। আগুনে তাদের আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, “দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।”
আগুনে অন্তত ১০টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তিনি জানান। ক্ষতি প্রায় ৯ লাখ টাকা।






















