ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের
- আপডেট সময় : ১০:৫০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 9
কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘‘বড় ধরনের যুদ্ধের অভিযান’’ শুরু হয়েছে। এর আগে, একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল-জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যে পরিণত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।
তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ ৪ লাখ ডলার (২৯৮,৩০০ পাউন্ড) পৌঁছেছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ।
গত সপ্তাহে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এখন এই খরচ প্রায় দ্বিগুণ। রেকর্ড পরিমাণ এই ভাড়া হলো সবচেয়ে বড় তেল বহনকারী জাহাজের জন্য, যা দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে।
পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র
ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুতেও প্রযোজ্য থাকবে। আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পাওয়ার পর রোববার (১ মার্চ) করাচিতে কনস্যুলেটে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে।
এক বিবৃতিতে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা – সে সম্পর্কিত কোনো তথ্য বিৃবতিতে পাওয়া যায়নি।
ইরানের ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০টির অধিক ড্রোন আটকেছে কুয়েত
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে ইরান থেকে আসা ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও অধি বিস্ফোরকবাহী ড্রোন লক্ষবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে কুয়েতের সেনাবাহিনী।
কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এই সিস্টেম ব্যবহার করেই এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন আটকানো হয়েছে। তবে গত ৩ দিনে যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতে ধেয়ে এসেছে— সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র-ড্রোন সফল হয়েছে এবং সেগুলোর আঘাতে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন আহত হয়েছেন।
-
সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে। বার্তাসংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পর হামলার বিষয়ে জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “প্রাথমিক ধারণা অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুইটা ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লেগেছিল আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।”
-
কুয়েতেও মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান
কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে প্রায় একই সময়ে দেশগুলোতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান।
-
সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন। নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, “আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।” এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।
-
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণের পর আগুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লেগেছে। বার্তাসংস্থা রয়টার্স আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে এ তথ্য জানিয়েছে। তবে কিসের বিস্ফোরণ, আগুন কতটুকু লেগেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।
-
আরব আমিরাতে ইরানের বড় মিসাইল হামলা
সংযুক্ত আরব আমিরাতে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। দেশটি এক বিবৃতিতে বলেছে, তারা এ হামলা প্রতিহতের চেষ্টা করছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার ব্যাপারে বলেছে, “ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক এখন আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী ঠেকানোর চেষ্টা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে রাখতে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।”
-
লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল
লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
-
কাতারের রাজধানী দোহায় আবারও বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় প্রায় ৫টার দিকে এ বিস্ফোরণগুলো হয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। গত তিনদিন ধরেই দোহায় হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। দোহাতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদ। যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।
-
আধ ঘণ্টার মধ্যে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান
মাত্র আধ ঘণ্টার ব্যবধানে তৃতীয় দফায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। প্রথম দফায় মধ্যাঞ্চল ও দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছিল। তৃতীয় দফার হামলাতেও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে এ মিসাইলগুলে ছোড়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এরআগে ছোড়া মিসাইলের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।
-
ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার বাঙলাদেশ সময় রাত সাড়ে ৪টার দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। তারা উল্লেখ করেছে, গত সাত ঘণ্টার মধ্যে একটু আগে প্রথমবার মিসাইল ছুড়েছে ইরান।
-
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে থেকে দ্রুত নিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, “গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সরে যান।” দেশগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা (ফিলিস্তিন), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
-
ইরানের রাজধানীতে শক্তিশালী হামলা
ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত প্রায় ৪টার দিকে হামলায় কেঁপে ওঠে। সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক জানিয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী হামলা হয়েছে। এতে টার্গেট করা হয়েছে টিভি নেটওয়ার্কের পাশের একটি স্থানকে। এছাড়া কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
-
কুয়েতকে জবাব দিতে হবে তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল, বলল ইরান
কুয়েতে গতকাল ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার কুয়েতে হঠাৎ করেই তিনটি বিমান ভূপাতিত হয়। কুয়েতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, “কুয়েত বলেছিল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে যেসব যুদ্ধবিমান কুয়েতে ভূপাতিত হলো সেগুলো কুয়েতের আকাশে কি করছিল?”
-
যুদ্ধ বন্ধ ও ইরানি হামলা প্রতিহতে সহায়তা চাইছে কাতার-আমিরাত
দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাওয়ার চেষ্টা করলে জ্বালিয়ে দেওয়ার হুমকি ইরানের
জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যদি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে। ইরানি সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিপ্লবী গার্ডের কমান্ডার প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছেন।
-
ইরানের হামলায় গ্যাস উৎপাদন বন্ধ কাতারের, সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ
ইরানের ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। গতকাল সোমবার ইরানের ড্রোন দুটি স্থানে আঘাত হানে। এরমধ্যে একটি মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটির বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংক। আরেকটি কাতার এনার্জির লাস রাফফানে। এটি বিশ্বের সবচেয়ে বড় তরল গ্যাস উৎপাদনকারী।কাতারের দোহায় নতুন বিস্ফোরণ
কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই দোহায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা করছে ইরান।
-
আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হেনেছে ড্রোন। এতে করে সেখানে আগুন লেগে যায়। তবে এ আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে দেশটি। আবুধাবির মিডিয়া অফিস এ ব্যাপারে এক বিবৃতিতে সোমবার বলেছে, “মুসাফ্ফা জ্বালানি ট্যাংক টার্মিনালে একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানে আগুন লেগে যায়। আবুধাবি কর্তৃপক্ষ আগুন নেভাতে সেখানে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হননি এবং সেখানকার কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটেনি।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান অত্যন্ত দ্রুততার সাথে পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইরান জানিয়েছে, তাদের এই প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হলো ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো।
আঞ্চলিক শক্তি ও বিশ্ববাজারের সামনে এখন বড় প্রশ্ন হলো— এটি কি কেবল পাল্টাপাল্টি হামলার একটি চক্র হয়ে থাকবে, না কি এটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতা, তাদের মিত্র বাহিনী এবং জ্বালানি অবকাঠামোর ওপর চাপের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং তাদের হাতে থাকা অন্যান্য মারণাস্ত্রের মধ্যে।
-
যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি দখলদার ইসরায়েলকেও টার্গেট করা হয়েছে। এরমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের এই পাল্টা আক্রমণে নেতৃত্বে দিচ্ছে সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড। তিনি বলেছেন, বিপ্লবী গার্ড এখন ‘স্বাধীনভাবে’ বা নিজেদের মতো করে হামলা চালাচ্ছে। এতে সরকার কোনো নির্দেশনা দিচ্ছে না।
-
ট্রাম্পের দূতের ওপর রেগে চিৎকার শুরু করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধ শুরুর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ওই বৈঠকের সময় ট্রাম্পের দূতের ওপর রেগে যান আরাগচি। ওই সময়ি তিনি তীব্র ক্রোধে চিৎকার শুরু করেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এনবিসি জানিয়েছে, স্টিভ উইটকোফ ইরানের মন্ত্রীর কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। যারমধ্যে অন্যতম ছিল ইরান আগামী ১০ বছরের জন্য কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। তখনই ক্ষেপে যান আরাগচি। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার।” জবাবে তখন উইটকোফ বলেন, “ইরানকে থামানোও আমাদের অবিচ্ছেদ্য অধিকার।” এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের দূত ইরানের মন্ত্রীকে বলেন, “আপনি চাইলে আমরা আলোচনা থেকে বের হয়ে যেতে পারি।” এ ঘটনা ট্রাম্পকে অবহিত করেন উইটকোফ এবং ক্রুসনার। ইরানি মন্ত্রী চিৎকার করেছেন এমন কথা শুনে ট্রাম্প অবাক হয়ে যান। এর দুইদিন পর শনিবার সকালে ইরানে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে।
-
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে বিপ্লবী গার্ডের হামলা
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এ ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড। জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ বলে উল্লেখ করেছে বাহিনীটি।
-
ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল কাতার
ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য জানিয়েছে কাতার। সোমবার (২ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের দুটি ইসইউ২৪ যুদ্ধবিমান ও সাতটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। এগুলোর সঙ্গে পাঁচটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
• ইরানে বড় হামলা আসছে
প্রয়োজন হলে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে হামলার বিষয়ে বিভিন্ন জনমত জরিপে উঠে আসা অসন্তোষে তিনি প্রভাবিত নন জানিয়ে বলেছেন, আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় সেই ঢেউ এখনও আসেনি। বড় আঘাত খুব শিগগিরই আসছে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর বিষয়ে আমার কোনও জড়তা নেই। অন্য সব প্রেসিডেন্টদের মতো আমি অন্তত বলি না যে ‘স্থলভাগে কোনও সৈন্য মোতায়েন করা হবে না।’ আমি তা বলছি না।’’
তিনি বলেন, আমি বলছি, ‘সম্ভবত তাদের প্রয়োজন নেই’ অথবা যদি তাদের প্রয়োজন হয় তাহলে পাঠানো হবে।
• ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: চীন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জিনিয়েছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাঘচিকে টেলিফোন বার্তায় ওয়াং ই বলেন, ‘‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং । ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাতে আমাদের সমর্থন রয়েছে। এ ছাড়া ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে আছে।’’
ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, উত্তেজনা আর না বাড়ানোর এবং এই সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে চীন।
• ইরানে শাসকের ‘অবশ্যই পরিবর্তন ঘটেছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তথাকথিত ‘শাসক পরিবর্তনের’ যুদ্ধ নয়। তবে ইরানের শাসকগোষ্ঠীর অবশ্যই পরিবর্তন ঘটেছে। এর ফলে বিশ্বের মঙ্গলই হয়েছে। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেছেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো দেশটির ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইরাক যুদ্ধ নয়। এটি অনন্তকাল ধরে চলা কোনও লড়াইও নয়। ইরানে মার্কিন ও ইসরায়েলি অভিযানের সময়সীমা কতদিন হতে পারে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট সময়কাল জানাতে অস্বীকৃতি জানিয়েছেন হেগসেথ।
তিনি বলেছেন, এই সামরিক অভিযানের স্থায়িত্ব কেমন হবে, তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়সীমার ব্যাপারে আমি কখনোই কোনও নির্দিষ্ট তারিখ দেব না। এই বিষয়ে সাংবাদিকরা ফের জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়সীমা নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটি চার সপ্তাহ, দুই সপ্তাহ বা ছয় সপ্তাহ; যেকোনও সময় হতে পারে। এটি সময় সাপেক্ষে এগোতে পারে আবার পিছিয়েও যেতে পারে।
ইরানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে পিট হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও বিকল্পই নাকচ করছে না। তিনি বলেন, আমরা জয়ের জন্যই লড়াই করি।
• হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহর মৃত্যু
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি। সোমবার (২ মার্চ) তেহরানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি নিশ্চিত করেছে।
প্রেস টিভি বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মারা গেছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন।
• ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।
এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনোভাবেই ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না। সংবাদ সম্মেলনে ইরানের হামলায় মার্কিন চার সেনাসদস্যের মৃত্যুর তথ্য স্বীকার করে হেগসেথ বলেন, এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে।
• ইরানের হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দু’টি স্থাপনায় আঘাত হানার পর সোমবার ওই ঘোষণা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।
কাতারএনার্জি বলেছে, ‘‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’’
• ইরানের হামলায় আরও এক মার্কিন সৈন্য নিহত
ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরও এক সদস্য নিহত হয়েছেন। সোমবার মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরেক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ নিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট চার সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘‘ইরানের সঙ্গে লড়াইরত অবস্থায় ২ মার্চ আমেরিকান সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত মার্কিন চার সেনাসদস্য নিহত হয়েছেন। চতুর্থ এই সেনাসদস্য ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত গুলি চালিয়ে মার্কিন সামরিক বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই তিন যুদ্ধবিমান ইরানে অভিযানে নিয়োজিত ছিল বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।
• ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা
তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা ‘অনিশ্চয়তায় ঘেরা’ বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনী কমান্ডারের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়।
• নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।
সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। (আইআরজিসি) বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
• কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়।
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ২
কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় দিন আজ সোমবার কুয়েতের স্থানীয় সময় সকালের দিকে ঘটেছে এই ঘটনা। বিমান চালক অবশ্য অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের শুরুতেই বিমানটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন তিনি।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে এই প্রথম মার্কিন সেনাদের নিহতের সংবাদ পাওয়া গেছে। গত কাল রোববার নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যে আমাদের তিন জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয়— তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাদের দায়িত্বে ফিরে গেছেন।”
কাতারের রাজধানী দোহায় অন্তত ৬টি বিকট শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে যে, ওই অঞ্চলে ইরানের পক্ষ থেকে চালানো হামলা এখনো অব্যাহত রয়েছে।
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব
ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি স্পষ্ট জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসব না।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর তোড়জোড় করছেন লারিজানি। তবে লারিজানির এই বিবৃতির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।
ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করল হিজবুল্লাহ
লেবাননে রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা। সেখানে বলা হয়েছে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছে গোষ্ঠীটি।
“ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ ঘটিয়েছি”, বলা হয়েছে হিজবুল্লার বিবৃতিতে।
-
কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি
কুয়েতের রাজধানীর দিকে ধেয়ে আসা বেশ কিছু ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে রাজধানী কুয়েত সিটির কাছাকাছি পৌঁছানোর আগেই ড্রোনগুলোর অধিকাংশ ভূপাতিত করা হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে।
কুয়েত নিউজ এজেন্সির (কুনা) এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-মানসুরি জানান, ভোরের দিকে ড্রোনগুলো কুয়েত সিটির নিকটবর্তী সালওয়া ও হাওয়ালি এলাকার দিকে এগিয়ে আসছিল। এ সময় দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেন।
আল-মানসুরি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ‘দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে’।
কুয়েতের পক্ষ থেকে এই ড্রোন হামলার জন্য সরাসরি কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
-
ইসরায়েল ও হিজবুল্লাহর কঠোর সমালোচনা করলেন লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একইসঙ্গে তিনি লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানিয়েছেন।
জোসেফ আউন বলেন, হিজবুল্লাহর এসব হামলা লেবানন সরকারকে এক কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। এই অঞ্চলজুড়ে যে বিপজ্জনক সামরিক সংঘাত চলছে, তা থেকে লেবাননকে দূরে রাখার সরকারি প্রচেষ্টাকে হিজবুল্লাহর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে।
ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা সতর্ক করছি যে—আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো যুদ্ধের প্ল্যাটফর্ম হিসেবে লেবাননকে বারবার ব্যবহার করা হলে, আমাদের দেশ আবারও চরম ঝুঁকির মুখে পড়বে।
-
সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গত মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই আক্রোতিরি ঘাঁটি। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেওয়ার পরই এই রেইড বা হামলার ঘটনা ঘটল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজন একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
-
লেবানন থেকে রকেট ছোড়ার পর ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ সোমবার ভোরে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, লেবানের মানুষের প্রতিরক্ষায় ও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করায় ইসরায়েলর হায়ফায় হামলা চালানো হয়েছে।
-
ইরানের হামলায় বাহরাইনের বন্দরে আগুন
বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে। সঙ্গে আগুন লাগে জাহাজেও। হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
-
তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু ইসরায়েলের
ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) ভোরে তেহরানে উড়ে যায় ইসরায়েলি বিমান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানছে।
-
লেবানন থেকে ইসরায়েলে রকেটে নিক্ষেপ
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। বাংলাদে সময় সোমবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চলে। এছাড়া আপার গিলিলিতেও সাইরেন বেজেছে।
-
খামেনির মৃত্যু : ইরানের শাসনব্যবস্থা কি ভেঙে পড়বে?
যৌথ মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নেতৃত্বের জন্য সবচেয়ে বড় আঘাত। এই ঘটনার পর খামেনির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা প্রতিবাদ শুরু করেছেন।
-
খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তানে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান।
-
ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি শুরু থেকেই একটি চার সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি যে এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় নেবে।’অভিযানের ব্যাপ্তি নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ। তাই এটি সম্পন্ন করতে চার সপ্তাহ—বা তার কম সময় লাগবে।’ সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি এখনও ইরানিদের সাথে আলোচনার পথ খোলা রেখেছেন। তবে সেই আলোচনা ‘শিগগিরই’ হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
-
‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি
যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।
-
খামেনির মৃত্যুতে ‘ব্যথিত’ এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তিনি ‘ব্যথিত’। গতকাল রোববার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে তার্কিস প্রেসিডেন্ট লিখেছেন, “গতকালকের হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত।” তিনি তার পোস্টে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
-
জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল
দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।
-
বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত
যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান হামলায় ইরানের সাত সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান ছিলেন। তার সঙ্গে আরও প্রাণ হারিয়েছেন রাইডার জেনারেল শাহিদ সালেহ আসাদী। এ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। বাকি পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি ইরান।
-
ইসলামিক বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিলো যুক্তরাষ্ট্র
]বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এ হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “বিশ্বে যুক্তরাষ্ট্রের রয়েছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিপ্লবী গার্ডের এখন আর কোনো হেডকোয়ার্টার নেই।”
-
একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়।
-
আরেক দফা মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ১টার দিকে এসব মিসাইল ছোড়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব মিসাইলের কারণে মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। সঙ্গে উত্তরাঞ্চলের কিছু জায়গাতেও সাইরেন বেজে উঠেছে।
-
ইরানে দূতাবাস বন্ধ করে দিলো আমিরাত, ফিরিয়ে নিচ্ছে রাষ্ট্রদূতকে
সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান একাধিকবার হামলার পর ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে দেশটি। একইসঙ্গে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে তারা।
-
ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এদিকে আসছে।
-
হরমুজ প্রণালীতে তিন জাহাজে হামলা
তেল পরিবহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা জানিয়েছে, রোববার (১ মার্চ) তিনটি জাহাজ হামলার কবলে পড়ে।
-
ইরানের নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ৯টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’
-
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের নিয়মাবলি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।
বললেন ট্রাম্প
-
ইরানের নতুন নেতারা আমার সঙ্গে কথা বলতে চায়
ইরানে গত শনিবার আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃবৃন্দ তৈরি করে তেহরান। আর এই নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, “তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব” “তাদের আগেই কথা বলা উচিত ছিল। যেটি বাস্তব তাদের সেটির ওপর জোর দেওয়া উচিত ছিল। যা সহজে করা যায় সেটিই করা উচিত ছিল। তারা অনেক বেশি অপেক্ষা করেছে।”
-
বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এ শহরটিতে আজ রোববার এ হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত সদরদপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
-
ইরানে আমাদের হামলা আরও তীব্র হবে : নেতানিয়াহু
ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠকের পর নতুন হুমকি দেন নেতানিয়াহু। তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের ছাদ থেকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।”
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৯
-
নেতানিয়াহু বললেন, ‘এসব বেদনাদায়ক দিন’
ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি হামলায় ইসরায়েলে ৯ জনের প্রাণহানির ঘটনায় তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত ‘‘বেদনাদায়ক দিন’’ অতিবাহিত করছে।রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে শোকে ভেঙে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, তার দেশ বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক দিন পার করছে।
-
প্রথম মিনিটের হামলাতেই ইরানের ৪০ শীর্ষ কর্মকর্তাকে হত্যা
ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) তাদের ‘অপারেশন রোরিং লায়ন’-এর শুরুর ধাপেই মাত্র এক মিনিটের ব্যবধানে ইরানের ৪০ জন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। রোববার (১ মার্চ, ২০২৬) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। ইরান সরকারের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকি নস্যাৎ করতেই এই ‘আগাম হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
-
ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান,
সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।
-
ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। আজ রোববার (১ মার্চ) সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “চাহ বাহার পাইয়ারে ওমান উপসাগরের তলদেশে ডুবছে দ্য জামারান-ক্লাস কোরভেট জাহাজ।” তবে ইরান জাহাজডুবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
• ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন।
ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।
-
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তিন সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তিন সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
-
মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
-
ইরানের ড্রোনের আঘাতে আবুধাবির নৌঘাঁটিতে আগুন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার হামলার পর আজ দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে টার্গেট করেছে ইরান।
-
ইরানের মিসাইল হামলায় ৯ ইসরায়েলি নিহত
ইসরায়েলের বেঈত শেমেস শহরে ইরানের মিসাইল হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরদিনও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের মিসাইলের আঘাতে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
-
কুয়েতে ইরানের হামলায় নিহত ১, আহত ৩২
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইরানের সামরিক বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। রোববার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি হামলায় হতাহতের ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কুয়েতে হামলা চালিয়েছে ইরান। রোববার দ্বিতীয় দিনের হামলায় কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
-
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
• ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া
ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুণ্ডামিসুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেছেন তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওই অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।
• খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন তিনি। এ সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা… বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার ও কর্তব্য।
• সিআইএর নিখুঁত তথ্যে যেভাবে হত্যা করা হলো খামেনিকে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দাদের শেষ মুহূর্তের তথ্যের ভিত্তিতে তেহরানে উচ্চপর্যায়ের অত্যন্ত গোপনীয় এক বৈঠক চলাকালীন ওই অভিযান পরিচালনা করা হয়।
একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিখুঁত হামলা ইরানি নিরাপত্তা বাহিনীকে সেই সময় একেবারে অপ্রস্তুত করে দেয়। ইরানের নিরাপত্তা বাহিনীর ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন গণমাধ্যমের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।
রয়টার্সকে একাধিক মার্কিন সূত্র বলেছে, খামেনি শনিবার সকালে তেহরানের মধ্যাঞ্চলের একটি সুরক্ষিত ভবনে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন বলে গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল এবং তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল। সেসব তথ্য প্রতি মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করে আসছিল সিআইএ।
• ইরাকে মার্কিন কনস্যুলেটে হামলা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রতিবেশী দেশ ইরাকে যুক্তরাষ্ট্রে দূতাবাস ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, যুদ্ধের কারণে সম্প্রতি ইরাকের মার্কিন দূতাবাস ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। রোববার বেলা ১১ টার দিকে দূতাবাস ভবনের সামনে জড়ো হয় শত শত মানুষ। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো রঙের পোশাক এবং হাতে ছিল লাঠি-পাথর।
• পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির করাচি শহরে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করাচির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে বলেছেন, কনস্যুলেটে হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ করাচির বেসামরিক হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
• ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। আজ রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।
• যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড
গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।
- আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ রয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সদস্যরা যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের সব নেতাকে একত্রিত করা নিরাপত্তা ঝুঁকির কারণে কঠিন হতে পারে।
• ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি
-
ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেব আমরা
ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। গতকাল শনিবার দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন দেশটিতে সরকার পতন ও সামরিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন তারা।
-
খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য জানিয়েছে। তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।
-
বিস্ফোরণের পর দুবাইয়ের জেবেল আলি বন্দরে আগুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। যদিও ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে।
-
ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। প্রথমে সেখানে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানা যায়। এরপর এটি বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছেছে। শহরটির গভর্নর এ ঘটনায় আজ রোববার একদিনের শোক ঘোষণা করেছে।
-
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
সৌদি আরব ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। এই ঘাঁটিতে কয়েক দশক ধরে মার্কিন সেনারা রয়েছে। এর পাশাপাশি ইরাকের আল-হারির বিমানঘাঁটিকেও টার্গেট করা হয়েছে। সেখানেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রয়েছে।
-
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান
গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।
ইরানের দুই সংবাদমাধ্যমের খবর
-
খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গোয়েন্দারা। তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ খামেনির মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত।
বললেন ট্রাম্প
-
ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার দুই-তিনদিনের মধ্যে শেষ হতে পারে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”
রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা
-
খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।
ইরানিদের বললেন নেতানিয়াহু
-
খামেনি নিহতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাকি কাজ আপনারা করুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরোক্ষ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এখন সরকার পতনের জন্য সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।
-
ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির
সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল শনিবার মিসাইল ছুড়েছে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে ইরানের চালানো কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। অবশ্য এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।” দেশটি আরও বলেছে, “এই অযৌক্তিক আগ্রাসনের মুখে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে—নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই হামলার পাল্টা জবাব দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।”
-
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনেই ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেডক্রস। তারা বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
কাতারে ইফতার পার্টিসহ সব বন্ধ
-
হামলার শঙ্কায় সব মসজিদে তারাবির নামাব বন্ধ করে দিলো কুয়েত
ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এরমধ্যে কুয়েতেও হামলা হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সুয়েদার ওই ক্ষেপণাস্ত্রে কারাখানায় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে সুয়েদায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছিল।
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‘‘সুয়েদা শহরে ন্যাশনাল গার্ডের একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটেছে। দেশটির দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত বাহিনী ন্যাশনাল গার্ড। যারা বর্তমানে সুয়েদা অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
• হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।
• আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। কিন্তু এটি খুব বড় কোনও সমস্যা নয়। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার প্রাণহানির তথ্য জানিয়েছে।
রয়টার্স বলছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই তিন সূত্র বলেছে, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারিয়েছেন।
-
বেঁচে আছেন খামেনি, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।” তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন। আর বাকি সবাই বেঁচে আছেন। তিনি বলেছেন, “উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।”
-
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি। এরআগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।
বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে, বাহরাইনের বিরুদ্ধে চলমান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রোববার) বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
বিবৃতিতে বলা হয়, রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানিয়ে দেওয়া হবে।
-
চূড়ান্ত বিজয় নিকটে, বললেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর এ নিয়ে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেছেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অবশেষে এসেছে। এটি (হামলা) একটি মানবিক হস্তক্ষেপ। আর এটি লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র ও তার অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে রুখে দেওয়া। এই হামলার লক্ষ্য ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করা নয়।” “যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। আমরা ইরানিদের এটির শেষ করতে হবে। রাজপথে নেমে আসার সময় এসেছে।”
-
হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।
• মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানালো সৌদি
বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ওই নিন্দা জানিয়েছে রিয়াদ।
এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানের হামলার কঠোর নিন্দা জানায় সৌদি আরব। ইরানের হামলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরব।
এই হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে তেহরানকে সতর্ক সতর্ক করে দিয়েছে রিয়াদ। এদিকে, সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের ‘‘ভয়াবহ লঙ্ঘন’’। এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার কুয়েতের রয়েছে।
-
বাসিন্দাদের রাজধানী তেহরান ছাড়তে বলল ইরান
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে বারবার হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের রাজধানী ছাড়তে বলেছে। এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে, সম্ভব হলে, আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বা স্থানে চলে যান।”
-
ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
• শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ‘‘শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।’’

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
-
ইরানের হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি আমিরাতের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।
-
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়ল ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর, ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানে সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে কি না সেটি স্পষ্ট নয়।
• মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।
ফারস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
-
সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরমধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।
-
ইরানের মিসাইল হামলায় আবুধাবিতে একজন নিহত
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন। দেশটি এক বিবৃতিতে বলেছে, তাদের এখানে হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। যেটির উপযুক্ত জবাব দেওয়া হবে।
-
আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা অবকাঠামো আছে সেগুলোতে হামলা শুরু করে তারা। এর অংশ হিসেবে আমিরাত, কাতার, বাহরাইনে হামলা হয়েছে
• পাল্টা হামলায় আগ্রাসীরা অনুতপ্ত হতে বাধ্য হবে : ইরান
ইসরায়েলের হামলা ‘‘দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে’’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। ইরানের সার্বভৌমত্ব লক্ষ্য করে চালানো এই হামলার ঘটনায় তেহরানের পাল্টা জবাবে শত্রুরা অনুত্প্ত হবে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুষ্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।
• বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আঘাত হানল ইরানি মিসাইল
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখানে দেশটির ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাহরাইনের রাজধানী মানামার জুফফাইর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। সেখান মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত।
• কাতার ও বাহরাইনে মিসাইল ছুড়ল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে।
কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























