ইনজুরি থেকে সেরে না ওঠায় প্যাট কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়লেও জশ হ্যাজেলউডকে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে জাতীয় দলের সঙ্গে প্রথম ফ্লাইটে চড়তে পারছেন না এই ফাস্ট বোলার। তাড়াহুড়ো করে তাকে শ্রীলঙ্কায় না পাঠিয়ে দেশেই পুনর্বাসন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
জাতীয় নির্বাচক টনি ডোডেমেড আজ (সোমবার) নিশ্চিত করেছেন, সিডনিতে থাকবেন হ্যাজেলউড। প্রতিযোগিতার শুরুর দিকে তাকে মাঠে পাওয়া যাবে না। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হলেও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ম্যাচের সবগুলো তারা খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। ২০ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ তাদের। অজিদের গ্রুপের অন্য দুই দল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপের কোন পর্যায়ে হ্যাজেলউডকে পাওয়া যাবে, সেই সময়সীমা জানাতে পারেননি ডোডেমেড, ‘জশকে নিয়ে আমাদের মনে হচ্ছে, শ্রীলঙ্কায় সফরের আগে দেশে চেনা কন্ডিশনে তার পুনর্বাসন চালিয়ে যাওয়া হবে অনেক বেশি বাস্তব ও সুবিধাজনক।’
হ্যাজেলউড বর্তমানে পায়ের গোড়ালির চোটের সঙ্গে লড়াই করছেন। আগের হ্যামস্ট্রিং চোটে পুনর্বাসন চলাকালে এই আঘাত পান তিনি। তাতে করে সবশেষ অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়েন। বিশ্বকাপে তার বিকল্প ফাস্ট বোলার হিসেবে আপাতত ট্র্যাভেলিং রিজার্ভ করা হয়েছে শন অ্যাবটকে।
ইতোমধ্যে কলম্বোতে পা রাখা নাথান এলিস, টিম ডেভিড ও গ্লেন ম্যাক্সওয়েলকে পাওয়ার ব্যাপারে ইতিবাচক খবর নেই। পাকিস্তান থেকে আগামীকাল (মঙ্গলবার) শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের অন্য সদস্যরা।

















