
অনলাইন ডেস্ক: অনলাইন প্ল্যাটফর্মের দেওয়া তথ্যের সঙ্গে রেস্টুরেন্টগুলোর নিজস্ব বিক্রির হিসাবে বড় ধরনের গরমিল পাওয়ায় প্রায় ৭ হাজার রেস্টুরেন্টের লেনদেন খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির ভ্যাট অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন অধিদপ্তর ইতোমধ্যে ২৯টি আউটলেটের গত আগস্ট মাসের লেনদেন যাচাই করে বড় অসংগতি পেয়েছে। একই সঙ্গে আরও কিছু ই-কমার্স ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সংগ্রহ ও যাচাই করতে মাঠপর্যায়ের দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।
এনবিআরের গোয়েন্দা বিভাগ প্রাথমিকভাবে ফুডপান্ডা, পাঠাও ফুড ও ফুডির মতো খাদ্য সরবরাহকারী ডিজিটাল মাধ্যমের সহায়তায় রেস্টুরেন্টগুলোর বিক্রয় তথ্য সংগ্রহ করে। একটি বাজার সমীক্ষা প্রতিবেদনের তথ্যানুযায়ী, রেস্টুরেন্টগুলো তাদের মোট খাবারের গড়ে ১০ শতাংশ অনলাইনে বিক্রি করে এবং অবশিষ্ট ৯০ শতাংশ বিক্রি হয় সরাসরি আউটলেটে।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ভ্যাট গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, আউটলেটে সরাসরি বিক্রির অংশেই ভ্যাট ফাঁকির প্রবণতা বেশি। এসব প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রির তথ্য নিশ্চিত করা সম্ভব হলে রেস্টুরেন্ট খাতে দীর্ঘদিন ধরে চলা ফাঁকি উদ্ঘাটন এবং রাজস্ব আহরণ ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হবে।
লেনদেনের তথ্য খতিয়ে দেখা ২৯টি আউটলেটের তালিকায় রয়েছে সুলতান’স ডাইন, পিৎজা বার্গ, চিলক্স, ম্যাডশেফ, বার্গার এক্সপ্রেস, চিজ, সেভেন ডেইজ এবং লালবাগ বিরিয়ানি হাউসের বিভিন্ন শাখা। সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ের কার্যালয়গুলো যথাযথ তদন্ত চালালে এই খাত থেকে বিপুল অঙ্কের অতিরিক্ত রাজস্ব আদায় করা যাবে।
বর্তমানে সেবার ধরনভেদে ভ্যাটের হারে ভিন্নতা রয়েছে। সাধারণ রেস্টুরেন্টে ভ্যাট ৫ শতাংশ, ক্যাটারিং সার্ভিসে ১৫ শতাংশ, শীতাতপ নিয়ন্ত্রণহীন (নন-এসি) হোটেলে ১০ শতাংশ এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) হোটেলে ১৫ শতাংশ হারে ভ্যাট নির্ধারিত রয়েছে। পাশাপাশি যেসব হোটেলে অ্যালকোহল পরিবেশন বা ফ্লোর শোর আয়োজন থাকে, সেগুলোতে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক পরিশোধ করতে হয়। খাদ্য প্রতিষ্ঠানগুলোতে ভ্যাট ফাঁকি বন্ধে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) চালু করা হলেও তাতে আশানুরূপ সুফল মেলেনি বলে অভিমত বিশেষজ্ঞদের।
এদিকে নিয়মিত রাজস্ব পরিশোধকারী রেস্টুরেন্ট মালিকদের অভিযোগ, যারা নিয়ম মেনে ভ্যাট দেন, এনবিআরের তৎপরতা তাদের ওপরই বেশি দেখা যায়। অন্যদিকে বহু প্রতিষ্ঠান কোনো ধরনের কর না দিয়ে ব্যবসা পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম জানান, কিছু ফুড ডেলিভারি প্রতিষ্ঠান আবাসিক ভবনে ক্লাউড কিচেন পরিচালনার মাধ্যমে খাবার সরবরাহ করে কৌশলে ভ্যাট ফাঁকি দিচ্ছে। এসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার তাগিদ দেন তিনি। একই সঙ্গে ভ্যাট ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আপত্তি নেই উল্লেখ করে তিনি সবার জন্য সমান ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন