জুলাই সনদে শর্ত সাপেক্ষে সই করল এনসিপি
- আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে গতকাল সোমবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষরের সময় তারা সনদে মন্তব্য লিখেছেন, নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে।
প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সনদে সইয়ের পর এনসিপিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এনসিপি সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজ সে বিশ্বাস পূর্ণতা পেলো। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এ মহতী কাজে অংশগ্রহণের জন্য। এ দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে পদক্ষেপ রাখে, সে জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।’
পরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সংসদে যাচ্ছে জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট। জনগণ আমাদের এই ম্যান্ডেটই দিয়েছে। আমরা মনে করছি, আগামীকাল শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। সে জন্যই আমরা স্বাক্ষর করেছি। স্বাক্ষরে মন্তব্য রেখেছি যে, আমরা কোনো নোট অব ডিসেন্ট (ভিন্নমত) ব্যতিরেকে এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে– এই সাপেক্ষে সনদে স্বাক্ষর করেছি। আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ সম্পূর্ণতা পেলো। আগামীকাল থেকে আমাদের কাজ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদে জুলাই সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা।’
এর আগে জুলাই সনদ স্বাক্ষর করতে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির ৬ সদস্যের প্রতিনিধি দল যমুনায় যায়। অন্য চার নেতা হলেন– মনিরা শারমিন, সারোয়ার তুষার, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মূসা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।





















