Ritesh Beghi
২৩ মে ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধকালীন গোপন আমিরাত সফরের তথ্য কেন ফাঁস করলেন নেতানিয়াহু?

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিজের গোপন সফরের তথ্য জনসমক্ষে এনে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ঝড় তুলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ১৩ মে নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয়, যুদ্ধের সময় তিনি অত্যন্ত গোপনে আমিরাত সফর করে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) সঙ্গে এক ‘ঐতিহাসিক ও যুগান্তকারী’ বৈঠক করেছেন। তবে এই তথ্য ফাঁসের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আবুধাবির এমন অনড় অস্বীকৃতির পরও ইসরাইলের শীর্ষ সারির সংবাদমাধ্যমগুলো সফরের খুঁটিনাটি বিবরণ প্রকাশ করে আমিরাতকে এক চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ সুনির্দিষ্ট করে জানিয়েছে, গত ২৬ মার্চ ওমানের সীমান্তবর্তী মরূদ্যান শহর আল-আইনে এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ নিজেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে রাজপ্রাসাদে নিয়ে যান। একই সময়ে তেল আবিব থেকে দুটি বিশেষ বিমানের আল-আইন যাওয়ার ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ জিভ আগমনের ফেসবুক পোস্ট এই সফরের সত্যতা আরও জোরালো করে। শুধু নেতানিয়াহুই নন, মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে যে, যুদ্ধের সময় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান এবং সামরিক প্রধানও আমিরাত সফর করেছিলেন, এমনকি আমিরাতের মাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ পরিচালনায় ইসরাইলি সেনাও মোতায়েন করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এই গোপন সফরের খবরটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করার পেছনে নেতানিয়াহুর গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে। চলতি বছরের শেষের দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা এবং দেশে দুর্নীতি মামলার মুখোমুখি হওয়া নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে নিজেকে একঘরে দশা থেকে মুক্ত দেখাতে মরিয়া।

এই তথ্য ফাঁসের মাধ্যমে তিনি দেশের জনগণকে বোঝাতে চেয়েছেন যে গাজা ও ইরানের সাথে যুদ্ধের পরও ২০২০ সালের ‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা আরব-ইসরাইল শান্তি চুক্তি বহাল রয়েছে এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতারা এখনো তাকে স্বাগত জানান। পাশাপাশি ইরান যে ইসরাইলকে একঘরে করতে ব্যর্থ হয়েছে, সেই বার্তাও তিনি এর মাধ্যমে প্রতিষ্ঠা করতে পেরেছেন।

অন্য দিকে, আবুধাবির জন্য এই সফরের সত্যতা স্বীকার করা এক বড় ধরনের কৌশলগত বিপর্যয় ডেকে আনত। গাজায় চলমান নির্মমতার কারণে পুরো আরব ও মুসলিম বিশ্বে যখন ইসরাইল-বিরোধী ক্ষোভ তুঙ্গে, তখন নেতানিয়াহুর সাথে যুদ্ধকালীন বৈঠকের কথা স্বীকার করা মানে আমিরাতের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়া। তাছাড়া, ইরান-ইসরাইল যুদ্ধের সময় আমিরাতের দিকে ধেয়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তিক্ত অভিজ্ঞতা থেকে আবুধাবি ভালো করেই জানে যে ইসরাইলের সাথে সামরিক ও গোয়েন্দা সহযোগিতার কথা প্রকাশ্যে এলে তা তেহরানের কট্টরপন্থীদের নতুন করে ক্ষুব্ধ করবে, যা আমিরাতের জাতীয় নিরাপত্তা ও নিরাপদ ব্যবসায়িক হাব হিসেবে আন্তর্জাতিক ইমেজকে হুমকির মুখে ফেলবে

নেতানিয়াহুর এই একতরফা তথ্য ফাঁসের নীতি মূলত আমিরাতকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের থেকে আরও বিচ্ছিন্ন করার এবং ইসরাইলের ওপর তাদের নিরাপত্তা নির্ভরতা বাড়িয়ে দেওয়ার একটি ‘ভাগ কর এবং শাসন কর’ কৌশল।

এর আগে ২০২০ সালেও নেতানিয়াহু সৌদি আরবের ‘নিওম’ শহরে নিজের গোপন সফরের কথা একইভাবে ফাঁস করেছিলেন, যার প্রতিক্রিয়ায় রিয়াদ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ থেকে সরে আসে। আবুধাবির সঙ্গে ইসরাইলের প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক গভীর হলেও, নেতানিয়াহুর এই অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের খেলার পর আমিরাতের নীতি-নির্ধারকদের মনেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ইসরাইলের সাথে এই বন্ধুত্বের মাশুল শেষ পর্যন্ত তাদের কৌশলগত স্বায়ত্তশাসনকে ঝুঁকির মুখে ফেলছে কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০