অনলাইন ডেস্ক: চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরিসহ মোট চারটি নতুন বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন এই বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
নতুন বিষয়ের তালিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ শিরোনামে দুটি বই যুক্ত হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণির পাঠ্যতালিকায় যুক্ত করা হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ নামের অপর দুটি বই।
শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমকে আধুনিক মানসম্পন্ন এবং কারিগরি নির্ভর রূপ দেওয়াই প্রধান লক্ষ্য। এই ধারাবাহিকতায় ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিমার্জন ও সংস্কার অব্যাহত থাকবে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন বিষয় যুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের সবগুলো শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
মন্তব্য করুন