নিজস্ব প্রতিবেদক : প্রকৃতি আজ নীরব নয়, তার প্রতিটি কোণে জমে আছে অদৃশ্য এক কান্না। আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার নোভেলে ভার্গ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘১ কুড়ি পরিবেশ চলচ্চিত্র প্রদর্শনী ২০২৬’ এ প্রদর্শিত হতে যাচ্ছে তরুণ নির্মাতা পুলক রাজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেচার ব্লিডস্’।
ঢেঁকি প্রযোজনার আয়োজনে এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় পরিবেশ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির এই মহতি উদ্যোগে বাংলাদেশের ২০ জন নির্মাতার ১ মিনিট দৈর্ঘ্যের ২০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে পুলক রাজের ‘নেচার ব্লিডস্’ কাজটি তার স্বকীয় ভাবনা এবং পরিবেশের নির্মম বাস্তবতার নিপুণ উপস্থাপনের জন্য বিশেষ মনোযোগ কেড়েছে। স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে মানবসৃষ্ট বিপর্যয়ে ক্ষতবিক্ষত প্রকৃতির করুণ চিত্র অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে যখন বিশ্বব্যাপী নতুন করে ভাবনার সময় এসেছে, ঠিক তখনই এই চলচ্চিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে বলে আশা করা যায়। বিকাল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত চলা এই উন্মুক্ত প্রদর্শনীতে প্রকৃতিপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবেশ রক্ষার এই আন্দোলনকে আরও বেগবান করবে।
মন্তব্য করুন