
নিজস্ব প্রতিবেদক: যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে এবং সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এ কথা জানান। একই সঙ্গে মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।
বৈঠকে মাদকের বিস্তার রোধ ও এর অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। তিনি দেশে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত আর্থিক লেনদেন এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।
সীমান্তের সার্বিক নজরদারি প্রসঙ্গে হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের আদলে আন্তর্জাতিক সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কার্যকর ড্রোন নজরদারি বাড়াতে হবে। মাদকের অপব্যবহার রোধে সামাজিক প্রতিরোধের ডাক দিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এটি কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত ছাড়ের সুপারিশ করা হয়। পাশাপাশি দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো পর্যালোচনা করা হয়। চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও যৌথ অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন