Ritesh Beghi
১৩ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদের সঙ্গে লড়াইয়ে আছে ঐতিহাসিক গুরুত্বও। তবে আটলান্টার এই লড়াইয়ের আগে বিশেষ এক অনুরোধ করেছে আর্জেন্টিনা দল।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কী জার্সি পরবে, তা নিয়েই এই অনুরোধ আর্জেন্টিনার। ঐতিহ্যবাহী হোম কিটের বদলে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়ে ফিফার কাছে আবেদন করেছে লা আলবিসেলেস্তে।

পুরো টুর্নামেন্ট ধরে মাঠ থেকে জাতীয় দলের খবর জানানো আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল রোববার সন্ধ্যায় এই খবর জানান। এক্স-এ তিনি লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলার অনুরোধ করেছে আর্জেন্টিনা।’ গেল রাতে এই অনুমতি দিয়েছে ফিফা।

এই টুর্নামেন্টে মাত্র একবারই নীল অ্যাওয়ে কিট পরেছে লা স্কালোনেতা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই কিট পরে ৩-১ গোলে জিতেছিল তারা।

নকআউটে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সির ইতিহাস 
নীল অ্যাওয়ে জার্সি পরে আর্জেন্টিনার ইতিহাস মোটেও ভালো নয়। ১৯৯০ সালের ফাইনালে এই অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা, সে ম্যাচে জিতেছিল জার্মানি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে এই অ্যাওয়ে জার্সি পরেই হারে আকাশী-সাদারা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও এই অ্যাওয়ে জার্সি পরেই হারের বিষাদে ডুবতে হয়েছে লিওনেল মেসিদের।

এরপর থেকে বিশ্বকাপ নকআউটে আর্জেন্টিনা খেলেছে ৮ ম্যাচ। তার একটিতেও ওই জার্সি পরে আর খেলেননি মেসিরা। সেই ফাইনালের ১২ বছর পর আবারও অ্যাওয়ে জার্সি পরে নামছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার অনুরোধের পেছনে কাজ আছে যে ‘কুসংস্কার’
অ্যাওয়ে জার্সি পরে দলের ইতিহাস এত খারাপ হওয়ার পরও স্বেচ্ছায় কেন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে ওই জার্সি পরেই খেলতে চাইছে? তার একটা কারণ হতে পারে কুসংস্কার আর সৌভাগ্যের বিশ্বাস। আর্জেন্টিনায় একে বলা হয় ‘কাবালা’।

বিশ্বকাপের ইতিহাসে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে তিনবারই ছিল নকআউট পর্বের ম্যাচ। এই লড়াইয়ে সামান্য এগিয়ে ইংল্যান্ড, তিনটি জয় নিয়ে। আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে আছে ১৯৮৬ সালের সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনাল, যেখানে দিয়েগো মারাদোনা করেছিলেন তার বিখ্যাত ‘শতাব্দীর সেরা গোল’। আরেকটি জয় আসে ১৯৯৮ সালে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে।

মজার বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে দুটি জয়ের সময়ই আর্জেন্টিনা তাদের পরিচিত নীল-সাদা ডোরাকাটা হোম জার্সির বদলে গাঢ় নীল রঙের অ্যাওয়ে জার্সি পরেছিল।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে এটিও একটি কারণ হতে পারে। আর্জেন্টাইন সংস্কৃতিতে, বিশেষ করে ফুটবলে, কুসংস্কার বা কাবালার গুরুত্ব কতটা, তা কারও অজানা নয়।

এর আগেও এমন অনেক উদাহরণ দেখা গেছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ম্যাচের দিন লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের সঙ্গে মাতে পান করার ছবি পোস্ট করেছিলেন। এমনকি সৌভাগ্যের আশায় খেলা দেখার সময় একই আসন বিন্যাস ধরে রাখার কথাও বলেন অনেক সমর্থক।

থাকতে পারে বাস্তবসম্মত কারণও
তবে কুসংস্কারের বিষয়টি বাদ দিলেও আর্জেন্টিনার এই অনুরোধ নিছক বাস্তবসম্মত একটি সিদ্ধান্তও হতে পারে। সেমিফাইনালে ফিফা ইংল্যান্ডকে ‘হোম’ টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। দুই দলের জার্সিতে সাদার আধিক্য চোখে পড়ার মতো, তাই আর্জেন্টিনার অ্যাওয়ে কিট পরাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী যুক্তিসঙ্গত।

তবে যাই হোক, বুধবারের এই ম্যাচেই এখন পর্যন্ত বিশ্বকাপ অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। অন্যদিকে দীর্ঘদিন পর শিরোপা ইংল্যান্ডে ফেরানোর স্বপ্ন নিয়ে দলের নেতৃত্বে থাকবেন জুড বেলিংহাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০