ক্রিশ্চিয়ানো রোনালদো স্বীকার করে নিয়েছেন, তিনি আগের মতো খেলোয়াড় আর নেই। তবে ৪১ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমালোচনার কাছে তিনি কখনোই হার মানেননি, মানবেনও না।
আজ রাতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে রোনালদো বলেন, গত ২৩ বছর ধরেই অনেকে তাকে ‘শেষ’ করে দিতে চেয়েছেন, কিন্তু সেটি কখনোই সম্ভব হয়নি।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহারণের আগে নিজের ভবিষ্যৎ, বয়স ও সমালোচনা—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক। তার মতে, খুব একটা খারাপ খেলছেন না তিনি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও একটি পেনাল্টি থেকে গোল করেন তিনি।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো স্পষ্ট ভাষায় বলেন, সিদ্ধান্ত নেবেন তিনিই। তার ভাষ্য, ‘আমি থামব যখন আমি চাই, আপনারা যখন চাইবেন তখন নয়। একই প্রশ্ন বারবার করা হয়। আমি এ বিষয়ে বাড়তি মনোযোগ দিতে চাই না।’
সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে সমালোচকদের উদ্দেশে। রোনালদোর দাবি, দীর্ঘ ২৩ বছর ধরে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে, ‘১৮ বছর বয়স থেকে এমনটা দেখে আসছি। গত ২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করতে চেয়েছেন। নিশ্চয়ই বুঝেছেন, এতে কোনো লাভ হয়নি। এটা সময়ের অপচয়। তবু আপনারা চেষ্টা করেই যাচ্ছেন। আমি এসবের সঙ্গে অভ্যস্ত।’
৪০ বছর পার হওয়ার পর সমালোচনা আরও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সমালোচনাকেই নিজের উন্নতির অনুপ্রেরণা হিসেবে দেখেন।
বিশ্বকাপ জিতলেও বা না জিতলেও নিজের পরিচয় বদলাবে না বলেও মন্তব্য করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড, বিশ্বকাপ জিতলে আমি বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো হব না, হারলেও কম রোনালদো হব না।
স্পেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে রোনালদো স্বীকার করেন, প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তবে সাহস ও বিশ্বাস নিয়েই মাঠে নামতে হবে পর্তুগালকে।
ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিই হয়ত হতে যাচ্ছে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেননি পর্তুগিজ কিংবদন্তি।
মন্তব্য করুন