হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ার ঘোষণায় খুশি চীন, দাবি ট্রাম্পের
- আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করার পদক্ষেপে চীন অত্যন্ত সন্তুষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চীন এবং যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করছে।
ট্রাম্পের মতে, বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই নৌপথটি উন্মুক্ত রাখা জরুরি এবং ভবিষ্যতে যাতে আর কখনও এখানে চলাচলে বাধা সৃষ্টি না হয়, তিনি সেই ব্যবস্থাই করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি এবং এতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্য এবং পুরো বিশ্বের জন্যই করছি। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমানের মতো অচলাবস্থা বা সংকট যেন ভবিষ্যতে আর কখনও তৈরি না হয়, তিনি তা নিশ্চিত করবেন। মূলত ইরানের হুমকির মুখে এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন।
তবে ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে সত্যিই কোনো যৌথ পরিকল্পনা করছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ায় ট্রাম্পের এই ‘স্থায়ীভাবে উন্মুক্ত করার’ ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।




















