২০২২ সালের কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পট কিকে জাপানের তিনজন খেলোয়াড় মিস করায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ‘ব্লু সামুরাইরা’। এবার সেই ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে এবং ব্রাজিলের বিপক্ষে একই ট্র্যাজেডি এড়াতে একদম নতুন পরিকল্পনা সাজিয়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
বিশ্বকাপের শেষ ৩২-এর হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে লড়াই যদি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে এবার খেলোয়াড়দের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেবেন না জাপান কোচ মোরিয়াসু; বরং নিজেই শট নেওয়ার জন্য টাইব্রেকারদের তালিকা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি।
হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি নির্ধারিত ও অতিরিক্ত সময়েও ড্র থাকে, তবে পেনাল্টির সেই কঠিন মানসিক চাপ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখতে এবার নিজেই বড় সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোরিয়াসু।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাপান কোচ বলেন, ‘এবার যদি ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে না দিয়ে শট নেওয়ার ক্রম বা ধারা আমি নিজেই নির্ধারণ করতে চাই। আমিই চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে কে আগে কিক নিতে যাবে।’
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার এক বিশাল স্বপ্ন নিয়ে এবার উত্তর আমেরিকায় পা রেখেছে জাপানি স্কোয়াড। গত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো পরাশক্তিদের বিপক্ষে সব জয় জাপানের এই স্বপ্ন ও সামর্থ্যের পক্ষে জোরালো যুক্তি জোগাচ্ছে।
এছাড়া গত অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান। সেই হারের প্রতিশোধ নেওয়ার একটি বাড়তি তাড়না এবার ব্রাজিলিয়ানদের মধ্যে থাকবে বলে মনে করেন মোরিয়াসু।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে জাপানের দুর্দান্ত পারফরম্যান্স এবং ইউরোপ ও ল্যাটিন আমেরিকার শীর্ষ লিগগুলোতে জাপানি ফুটবলারদের দলে ভেড়ানোর হিড়িক—সব মিলিয়ে এবারের বিশ্বকাপে দলটিকে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানোর অন্যতম দাবিদার হিসেবে গণ্য করা হচ্ছে। কোচ মোরিয়াসু জানিয়েছেন, খেলোয়াড়রাও এই বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবেন।
তবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো জুড়ে বিস্তৃত এই বিশাল টুর্নামেন্টে ভ্রমন যে খেলোয়াড়দের বেশ ক্লান্ত করে তুলছে, সেটিও অকপটে স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে ব্রাজিলের চেয়ে নিজেদের এক দিন কম বিশ্রাম পাওয়াকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাপান কোচ।
সব বাধা পেরিয়েও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী মোরিয়াসু, ‘আপাতত আমাদের বিশ্বাস আমরা জিততে পারি এবং এই বিশ্বকাপেও আমাদের সেই সুযোগ রয়েছে। অনেকেই জাপানকে ডার্ক হর্স বলছেন, আমরাও সেই সমীহ আর আত্মবিশ্বাসটা মাথায় রেখেই মাঠে নামব।’
মন্তব্য করুন