অনলাইন ডেস্ক: নোয়াখালীর সেনবাগে আবিষ্কৃত নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে এই জ্বালানির সন্ধান মেলে।
মঙ্গলবার বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থানের বিষয়টি নিশ্চিত করে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটি গত ২৮ জুলাই এই কূপটির খনন কার্যক্রম শুরু করেছিল।
প্রকল্পের কারিগরি তথ্যে উল্লেখ করা হয়েছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়। এর মধ্যে ১ হাজার ৪২০ মিটার থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের স্তর শনাক্ত হয়েছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের পরিচালক মোজাম্মেল হক জানান, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলার পর কূপে থাকা মোট মজুতের প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
মন্তব্য করুন